ডিগবৈ: ৪১ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার টাকার নির্মীয়মাণ ডিগবৈ জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক সুরেন ফুকন। তাঁর সঙ্গে ছিলেন ডিগবৈ পুরসভার চেয়ারম্যান সুদীপ দত্ত চৌধুরী এবং উপ-পুরপতি ডিম্পী সোনোয়াল।

অসম নগর জল সরবরাহ ও নিকাশি পর্ষদের অধীনে কালীবাড়ি হাউসিং এলাকায় প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। ২০২১ সালের ২ অক্টোবর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড়ের সাংসদ, বর্তমানে রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী রামেশ্বর তেলী এবং বিধায়ক ফুকন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে কিছু দিন নির্মাণকাজ চললেও হঠাৎ ঠিকাদার কাজ বন্ধ করে দেন। দীর্ঘ দিন বন্ধ থাকার পরে এখন ফের প্রকল্পের নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে।

প্রকল্পটি সম্পূর্ণ হলে ডিগবৈবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে।

বিধায়ক ফুকন জানান, ডিগবৈ কালীবাড়ি হাউসিং এলাকা ও মূলিয়াবাড়িতে নির্মীয়মাণ এই প্রকল্পের মাধ্যমে শহরবাসী ৩.৩৯ মিলিয়ন লিটার বিশুদ্ধ জল পাবেন। ডিগবৈ পুরসভা চত্বরে স্থাপিত ট্যাঙ্কে ৯ লক্ষ লিটার এবং কালীবাড়ি হাউসিং এলাকার নির্মীয়মাণ ট্যাঙ্কে ৫.৫ লক্ষ লিটার জল সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

পে-ওয়াটার পদ্ধতিতে শহরবাসীকে জল সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

ডিগবৈ শহরের জলে তেলজাত পদার্থ মেলার অভিযোগ থাকায় স্বাধীনতার পর থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। নাজিরাটিং ডিব্রুনই থেকে জল এনে ডিগবৈ শোধনাগারে পরিশোধনের পরে পাইপলাইনের মাধ্যমে দিনে এক বার শহরের বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হয়।