ডিফু, ২৪ নভেম্বর: অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপি বিধায়ক ডঃ হাবে টেরনের সঙ্গে সম্পর্কের জেরে সন্তানের জন্ম হয়েছে বলে অভিযোগ তুললেন এক মহিলা। সন্তানের পিতৃত্ব প্রমাণে ডিএনএ পরীক্ষা করাতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

ডিফুতে এক সাংবাদিক সম্মেলনে মহিলার দাবি, কলেজজীবন থেকেই হাবে টেরনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। পরে ২০১৯ সালে টেরন ফের তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ।

মহিলার বক্তব্য, কোভিড অতিমারির সময়ে ২০২০ সালে অসুস্থ হয়ে চিকিৎসার সাহায্যের জন্য তিনি টেরনের সঙ্গে যোগাযোগ করেন। সেই সময় তাঁদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে তাঁর অভিযোগ।

তাঁর দাবি, ওই সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হন। গর্ভপাত না করাতে এবং সন্তানের দায়িত্ব নিতে টেরন আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ মহিলার। তাঁর কথায়, ২০২১ সালের ৪ মার্চ সন্তানের জন্ম হয়। গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পরেও টেরন তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি করেছেন তিনি।

মহিলার অভিযোগ, ২০২২ সাল থেকে টেরনের আচরণ বদলে যায়। সম্পর্কের সময়ে বিভিন্ন কারণে টেরন তাঁর কাছ থেকে নগদে ও অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা নিয়েছিলেন বলে দাবি তাঁর। পরে সেই টাকা ফেরত এবং সন্তানের বিষয়ে কথা বলতে চাইলে তাঁকে ব্লক করে দেওয়া হয় বলেও অভিযোগ।

তাঁর আরও দাবি, বিষয়টি নিয়ে কথা বলতে নির্বাচনে জয়ের পরে হামরেনের একটি অতিথিশালায় টেরনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তারক্ষী ও ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তাঁকে দেখা করতে না দিয়ে বের করে দেওয়া হয়।

মহিলা জানিয়েছেন, অসম রাজ্য মহিলা কমিশন, কার্বি আংলং জেলা পুলিশ, বিজেপির জেলা নেতৃত্ব-সহ একাধিক সংগঠনের দ্বারস্থ হয়েও তিনি ন্যায় পাননি। তাঁর বিরুদ্ধে অন্যদের দিয়ে মামলা করে হয়রানির অভিযোগও তুলেছেন তিনি। নিজের নিরাপত্তা এবং দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধানসভার অধ্যক্ষ রণজিৎ কুমার দাস, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

ডিএনএ পরীক্ষার জন্য টেরনকেও সম্মতি দেওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা। এ বিষয়ে ডঃ হাবে টেরনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।