দুলীয়াজান, ২৫ নভেম্বর: দুলীয়াজানের ট্রিপল খুনের মামলায় পুলিশি গুলিতে জখম হয়েছেন দুই মূল অভিযুক্ত রাজু দাস ও আমির দাস। ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলার সীমানায় বালিজান চা-বাগানের কাছে গত রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত হাতুড়ির খোঁজে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় তাঁরা পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।
পুলিশের তরফে মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। তার মধ্যে চারটি গুলি দুই অভিযুক্তের পায়ে লাগে। আমির দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় দুই পুলিশ কনস্টেবলও জখম হয়েছেন। রাজু দাস ও আমির দাসকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম দুই পুলিশকর্মীর চিকিৎসা করানো হয়েছে দুলীয়াজানের অয়েল মেডিক্যালে।
ঘটনার পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও জোরদার করা হয়েছে।
এর আগে দুই অভিযুক্তকে নিয়ে তিনসুকিয়ায় তল্লাশি অভিযান চালিয়ে কাটারি, স্ক্রু-ড্রাইভার, ছাতা ও পোশাক-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। খুনের পরে পালাতে ব্যবহৃত মোটরসাইকেলটিও আগেই উদ্ধার করা হয়েছিল।
দুলীয়াজানে তিন জনকে খুনের ঘটনার পর থেকেই দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছিল। পুলিশ এখন খুনে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার এবং মামলার অন্য প্রমাণ সংগ্রহে তৎপর।