রঙিয়া, ১৪ মে: কামরূপ জেলার রঙিয়ার তুলসীবাড়িতে প্রায় ১৫ একর জমিতে সমন্বিত প্রতিরক্ষা উৎপাদন ও উন্নত প্রযুক্তি কেন্দ্র গড়বে স্পিড৪ ডিফেন্স সিস্টেমস প্রাইভেট লিমিটেড। বুধবার প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মুখ্যমন্ত্রী জানান, অসম সরকার ২০২৫ সালের মে মাসে প্রতিরক্ষা ও মহাকাশ নীতি প্রণয়ন করেছে। সেই নীতির ভিত্তিতেই রাজ্যে প্রতিরক্ষা-সংক্রান্ত শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, তুলসীবাড়ির এই কারখানায় সেনাবাহিনীর জন্য ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা, বাঙ্কার এবং পূর্বনির্মিত কাঠামো তৈরি হবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ১৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংস্থাটির লক্ষ্য, প্রায় ১৫ মাসের মধ্যে উৎপাদন শুরু করা। প্রকল্পে ইনসুলেটেড প্যানেল, প্রিকাস্ট কংক্রিট কাঠামো এবং ইস্পাত নির্মাণের ব্যবস্থাও থাকবে। এই সব পণ্য প্রতিরক্ষা, বিমান পরিবহণ, বিস্ফোরণ-প্রতিরোধী কাঠামো ও নজরদারি ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে।

অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া এবং বিধায়ক ভবেশ কলিতা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে এই প্রকল্পটি একটি সূচনা। এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্যে অসমও অবদান রাখতে পারবে।

তুলসীবাড়িতে সিনটেক্স ট্যাঙ্ক তৈরির আরও একটি কারখানা গড়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে ওই প্রকল্পের কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে। চিকেন নেক এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ওই অঞ্চলের নীচ দিয়ে রেলপথ ও সড়ক যোগাযোগের ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়া হয়েছে।