গুয়াহাটি, ২৫ নভেম্বর: অসমের ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করতে যোরহাট ও শিলচরে দু’টি ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা করেছে ভারতী এয়ারটেল। মোট ৯ একর জমিতে নির্মাণ হতে চলা এই দু’টি প্রকল্পের সম্মিলিত ক্ষমতা হবে ২৫ মেগাওয়াট। প্রথম পর্যায়ে প্রকল্প দু’টিতে সংস্থাটির বিনিয়োগের অঙ্ক ৪৫৫ কোটি টাকা।

এই প্রকল্প নিয়ে অসম সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব নন্দিতা দত্ত এবং এয়ারটেলের প্রিয়ঙ্কা জৈন একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, শুধু ডিজিটাল পরিষেবার গ্রাহক হয়ে না থেকে দেশের ডিজিটাল অর্থনীতিতে পরিকাঠামোগত অবদান রাখাই অসমের লক্ষ্য।

“শুধু ডিজিটাল পরিষেবার গ্রাহক হয়ে না থেকে দেশের ডিজিটাল অর্থনীতিতে পরিকাঠামোগত অবদান রাখাই অসমের লক্ষ্য,” বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

যোরহাটে প্রায় ৪ একর জমিতে ১০ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরি হবে। প্রথম পর্যায়ে সেখানে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রকল্পটিতে ১৬৪টি প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার আশা করা হচ্ছে।

শিলচরে প্রায় ৫ একর জমিতে গড়ে উঠবে ১৫ মেগাওয়াট ক্ষমতার অন্য ডেটা সেন্টারটি। এই প্রকল্পে ২৫৫ কোটি টাকা খরচ হবে এবং ১০০টি প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হতে পারে। দু’টি প্রকল্পে মোট ২৬৪টি প্রত্যক্ষ পদ তৈরির কথা বলা হয়েছে। নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, নিরাপত্তা ও আনুষঙ্গিক পরিষেবাতেও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে বলে সরকারের দাবি।

এর আগে গুয়াহাটির টেক সিটিতে এএমট্রনের কাছ থেকে পাওয়া ২ একর জমিতে ১৫ মেগাওয়াট ক্ষমতার আরও একটি ডেটা সেন্টারের নির্মাণকাজ শুরু করেছে এয়ারটেল। ২৫০ কোটি টাকার ওই প্রকল্পটি ২০২৮ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য স্থির হয়েছে।

যোরহাট ও শিলচরের নতুন প্রকল্প দু’টি শেষ হলে গুয়াহাটি, যোরহাট ও শিলচর মিলিয়ে অসমে এয়ারটেলের মোট ডেটা সেন্টার ক্ষমতা বেড়ে ৪০ মেগাওয়াট হবে। তিনটি প্রকল্পে মোট বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৭০৫ কোটি টাকা।

সমঝোতাপত্র অনুযায়ী, প্রকল্প দু’টির জন্য জমি হস্তান্তর, প্রশাসনিক অনুমতি ও নীতিগত সুবিধা দেবে রাজ্য সরকার। জমির দখল পাওয়ার দু’বছরের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। তবে যোরহাট ও শিলচরের কোন নির্দিষ্ট স্থানে জমি বরাদ্দ হয়েছে এবং জমি হস্তান্তরের প্রক্রিয়া কবে শেষ হবে, সে বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরের সময় কোনও তথ্য প্রকাশ করা হয়নি।