নয়াদিল্লি, ২৫ নভেম্বর: ভারত-সহ সাতটি দেশ থেকে আমেরিকায় আমদানি হওয়া পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর। চিনা পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব রাখা হয়েছে।
ভারতের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ডের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইৎজারল্যান্ড এবং সিঙ্গাপুরের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব রয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে প্রস্তাবিত হার ৩৫ শতাংশ পর্যন্ত।
তবে, দেশভেদে শুল্কের ঊর্ধ্বসীমাও নির্দিষ্ট করা হয়েছে। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ হার ১৮ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও সুইৎজারল্যান্ডের ক্ষেত্রে ‘মোস্ট ফেভার্ড নেশন’ শুল্কের বাইরে এই হার ১৫ শতাংশ রাখার প্রস্তাব রয়েছে।
চিনের ক্ষেত্রে ইতিমধ্যে কার্যকর শুল্কের উপরে আরও ২০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রাজিলের জন্য প্রস্তাবিত শুল্ক পরিবর্তন নিয়ে ২০২৭ সালের ১৪ জানুয়ারি শুনানি হবে।
বৃহৎ বাণিজ্যিক অংশীদার দেশগুলির অতিরিক্ত শিল্প উৎপাদনক্ষমতা যাতে আমেরিকায় গড়ে না ওঠে, তা ঠেকাতেই এই প্রস্তাব আনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এগুলি এখনও প্রস্তাবিত হার। চূড়ান্ত সিদ্ধান্ত এবং তা কার্যকর হওয়ার সময়সীমা পরে নির্ধারিত হবে।