টীয়ক, ২৫ নভেম্বর: ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণের নামে টীয়কের ৭,৫৯৮ বিঘা কৃষিজমি, চারণভূমি ও জলাশয় খনন করে নষ্ট করার আশঙ্কায় চলা গণসত্যাগ্রহে সমর্থন জানালেন কংগ্রেস নেতারা। বুধবার সত্যাগ্রহস্থলে গিয়ে অসম বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া, কংগ্রেস নেত্রী পল্লবী শইকীয়া গগৈ-সহ দলের অন্য নেতারা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান।

বন্যা-নিষ্কাশন নালা খনন দাবি সমিতি, টীয়কের উদ্যোগে এই গণসত্যাগ্রহ চলছে। উপস্থিত নেতারা স্থানীয় কৃষকদের দাবি ও উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমিতির বক্তব্য, বন্যা নিয়ন্ত্রণের নামে বড় পরিসরে খনন চললে এলাকার কৃষিজমি, জলাশয় ও চারণভূমির প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বন্যা নিয়ন্ত্রণের বিরোধী নন বলে স্পষ্ট করেছে সমিতি। তাদের দাবি, বিজ্ঞানসম্মত, পরিবেশবান্ধব এবং কৃষকদের স্বার্থ সুরক্ষিত রেখে স্থায়ী বন্যা ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে। যথাযথ কারণ, স্বচ্ছতা ও স্থানীয় মানুষের মতামত ছাড়া ৭,৫৯৮ বিঘা জমিতে বৃহৎ পরিসরে খননকাজ মেনে নেওয়া যায় না বলেও জানিয়েছে তারা।

সমিতির মতে, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের উপস্থিতিতে তাদের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। দলমত নির্বিশেষে টীয়কের কৃষকদের জীবন-জীবিকা, জমির অধিকার ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কৃষকদের সর্বস্বান্ত না করে, জনস্বার্থ সুরক্ষিত রেখে বিজ্ঞানসম্মত উপায়ে বন্যার স্থায়ী সমাধানের ব্যবস্থাই তাদের মূল দাবি।