গুয়াহাটি, ২৬ নভেম্বর: গুয়াহাটি হাই কোর্টের মূল বেঞ্চে কর্মরত যোগ্য পুরুষ আধিকারিক ও কর্মীদের জন্য বেতন-সহ ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু হল। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের অনুমোদনের পরে ১৬ নভেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

স্থায়ী ও চুক্তিভিত্তিক—দু’ধরনের কর্মীই এই সুবিধার আওতায় পড়বেন। তবে আবেদনের সময় যে কর্মীর দু’টির কম জীবিত সন্তান রয়েছে, কেবল তিনিই এই ছুটির জন্য যোগ্য হবেন। জৈবিক এবং আইনত দত্তক নেওয়া সন্তান, দু’টিকেই এই হিসাবের মধ্যে ধরা হবে।

সন্তানজন্মের ১৪ দিন আগে থেকে জন্মের ছ’মাসের মধ্যে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। এক বারেই টানা ১৪ দিন ছুটি নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ছুটি না নিলে সেই সুবিধা বাতিল হয়ে যাবে।

ছুটির সময় কর্মীরা ছুটিতে যাওয়ার ঠিক আগে যে বেতন পেতেন, সেই সমপরিমাণ ছুটিকালীন বেতন পাবেন। এই ছুটি কর্মীর জমা ছুটির হিসাব থেকে কাটা হবে না এবং নিয়ম মেনে অন্য ছুটির সঙ্গেও যুক্ত করা যাবে।

এক বছরের কম বয়সি শিশুকে আইনত দত্তক নিলে বা প্রাক্-দত্তক পালক-যত্নের দায়িত্ব নিলেও শর্তসাপেক্ষে ছ’মাসের মধ্যে ১৪ দিনের ছুটি মিলবে। এর জন্য দত্তক প্রক্রিয়ার বৈধতার প্রমাণপত্র এবং প্রয়োজনীয় আইনি নথি জমা দিতে হবে। কারা, সারা অথবা অন্য স্বীকৃতিপ্রাপ্ত সংস্থার অনুমোদনও লাগবে।

সারোগেসির মাধ্যমে পিতৃত্ব লাভের ক্ষেত্রেও দু’টির কম জীবিত সন্তান থাকা যোগ্য কর্মীরা সন্তানজন্মের ছ’মাসের মধ্যে এই ছুটি পাবেন। কোনও কর্মীর একটি জীবিত সন্তান থাকা অবস্থায় যমজ বা একাধিক সন্তান জন্মালেও একক সন্তানজন্মের মতোই ১৪ দিনের ছুটি মিলবে। তবে অননুমোদিত অনুপস্থিতি বা আগে মঞ্জুর হওয়া ছুটিকে পরে পিতৃত্বকালীন ছুটিতে বদলানো যাবে না।