শিলচর: কাছাড়ের ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে বরাক উপত্যকায় খুশির আবহ। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিলচর শহরে বিশাল কৃতজ্ঞতা র্যালির আয়োজন করল বিজেপি।
শিলচরের ডিএসএ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাঙিরখাড়িতে গিয়ে শেষ হয়। র্যালিতে শত শত মানুষ অংশ নেন এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ, বরাক উপত্যকার বিভিন্ন দলীয় বিধায়ক, বিজেপি নেতা-কর্মী এবং বহু সমর্থক। অংশগ্রহণকারীরা বিমানবন্দরের অনুমোদনকে বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করে সিদ্ধান্তটিকে স্বাগত জানান।
প্রায় ২,০১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরকে ঘিরে বরাক উপত্যকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে র্যালিতে মত প্রকাশ করা হয়।