গুয়াহাটি, ২৬ নভেম্বর: গুয়াহাটি মহানগরের প্রতিটি পরিবারকে বাড়ি বাড়ি কঠিন আবর্জনা সংগ্রহ পরিষেবার জন্য প্রতি মাসে ৫০ টাকা ব্যবহারকারী মাশুল দিতে হবে। গুয়াহাটি পুরনিগমের জারি করা জনবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
পুরনিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে কঠিন আবর্জনা সংগ্রহের পরিষেবার জন্য প্রতিটি পরিবারের কাছ থেকে মাসে ৫০ টাকা করে নেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার নির্ধারিত স্বচ্ছতা সখীরা অনুমোদিত অ্যাপ-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে এই মাশুল সংগ্রহ করবেন।
মাশুল সংগ্রহের দায়িত্ব স্বচ্ছতা সখীদের উপরেই দেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছে পুরনিগম। নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মাশুল সংগ্রহ করবেন।
আবর্জনা সংগ্রহ ব্যবস্থা আরও সুষ্ঠু ভাবে পরিচালনা করা এবং মহানগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মহানগরের সব নাগরিককে এই ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে গুয়াহাটি পুরনিগম। প্রতি মাসে নির্ধারিত ৫০ টাকা ব্যবহারকারী মাশুল দিয়ে পুরনিগমের আবর্জনা সংগ্রহ পরিষেবা চালু রাখতে সাহায্য করারও অনুরোধ করা হয়েছে।
২৫ নভেম্বর, ২০২৬-এ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তাতে ১ নভেম্বর থেকেই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা উল্লেখ থাকায় নতুন মাশুল ব্যবস্থা নিয়ে শহরবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে।