শিবসাগর: সাইরেনের বিকট শব্দে মুখর হয়ে উঠল চারপাশ। নিমেষে অন্ধকার নেমে আসতেই প্রাণ বাঁচানোর প্রস্তুতি হিসেবে মাটিতে শুয়ে পড়লেন উপস্থিত মানুষজন। তবে আতঙ্কের কিছু নেই। এটি প্রকৃত যুদ্ধ পরিস্থিতি নয়, এয়ার রেইড ও ব্ল্যাকআউটের মহড়া।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে শিবসাগর জেলা অসামরিক প্রতিরক্ষা বিভাগ এই মহড়ার আয়োজন করে। শিবসাগর জেলা অসম রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চত্বরে দ্বিতীয় পর্যায়ের অসামরিক প্রতিরক্ষা এয়ার রেইড ও ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়।
যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে শত্রুপক্ষের যুদ্ধবিমান কিংবা ড্রোন হামলার সম্ভাবনা থাকলে সাধারণ নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষায় কী ভাবে মোকাবিলা করা হবে, সেই প্রস্তুতিই ছিল এই অনুশীলনের লক্ষ্য। জেলা প্রশাসন ও জেলা পুলিশের তত্ত্বাবধানে মহড়াটি হয়।
কর্মসূচিতে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শিবসাগর দমকল ও জরুরি পরিষেবা, স্বাস্থ্য ও পূর্ত দফতর, এফ অ্যান্ড ইএসএস, ওএনজিসিএল, ডিআইপিআরইও, এপিডিসিএল, বিএসএনএল, জেলা হোমগার্ড, ১১ অসম এনসিসি ব্যাটালিয়ন এবং অন্যান্য জরুরি পরিষেবার দফতরগুলি।