বজালী, ২৬ নভেম্বর: বজালী জেলার একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মানসিক হেনস্থার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। তাঁর পদমর্যাদা খর্ব করা এবং তাঁকে শিক্ষাবিষয়ক দায়িত্ব থেকে সরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারী শিক্ষিকা ড. কিংকিণী দাস মাজগাঁও এইচ জে অ্যান্ড নবশক্তি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বরপেটা জেলার বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে কর্মজীবনে নানা সমস্যা ও মানসিক চাপের কথা জানিয়েছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি স্কুল পরিচালন সমিতি গঠনের জন্য বিদ্যালয়ে একটি সাধারণ সভা হয়েছিল। সেই সভার খবর সব অভিভাবককে জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। তা নিয়ে কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয় এবং স্কুল চত্বরেই উত্তেজনা ছড়ায় বলে আবেদনে উল্লেখ করেছেন শিক্ষিকা।
শিক্ষিকার দাবি, শিক্ষাবিষয়ক দায়িত্বে থাকার সময় শিক্ষক, কর্মী ও পড়ুয়াদের জন্য সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন তিনি। কিন্তু কয়েক জনের আচরণ তাঁর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।
স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কিছু ব্যক্তি তাঁকে শিক্ষাবিষয়ক দায়িত্ব থেকে সরানো এবং পদমর্যাদা খর্ব করার চেষ্টা করছেন বলেও তাঁর অভিযোগ। সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় কর্মরত বলেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও শিক্ষামন্ত্রী রণোজ পেগুর হস্তক্ষেপ চেয়েছেন ড. দাস। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থারও আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগগুলির স্বাধীন ভাবে সত্যতা যাচাই হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ বা অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের প্রতিক্রিয়াও জানা যায়নি।