কোকরাঝাড়, ২৬ নভেম্বর: পৃথক বড়োল্যান্ড রাজ্য গঠনের দাবি ফের জোরদার করতে কোকরাঝাড়ে গঠিত হল ‘বড়োল্যান্ড স্টেট ডিম্যান্ড কমিটি’। বড়ো জনগোষ্ঠীর দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পৃথক রাজ্যের দাবি জাতীয় স্তরে তুলে ধরাই এই কমিটির লক্ষ্য।
দেবরগাঁওয়ের বড়োল্যান্ড শহিদ সমাধিক্ষেত্রে বড়ো জাতীয় সংগঠন, বুদ্ধিজীবী ও ছাত্রসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বড়ো ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি বনজিৎ মঞ্জিল বসুমতারী। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নবজ্যোতি স্বর্গীয়ারী।
আয়োজকদের বক্তব্য, পৃথক বড়োল্যান্ডের দাবি সংগঠিত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বড়ো জনগোষ্ঠীর বিভিন্ন অমীমাংসিত বিষয় সরকারের নজরে আনবে কমিটি।
বড়ো জনগোষ্ঠীর সমস্যাগুলি জাতীয় স্তরে উত্থাপনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে নয়াদিল্লিতে একটি জাতীয় আলোচনাচক্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মানুষকে নিয়ে একটি অধিবেশন করার পরিকল্পনাও রয়েছে।
বৈঠকের পরে আয়োজকেরা জানান, এনডিএ সরকার বড়োল্যান্ড-সংক্রান্ত বিষয় পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার জন্য জে কে পিল্লাইকে দায়িত্ব দিয়ে এক সদস্যের একটি কমিটি গড়েছিল। সেই কমিটিকে অবিলম্বে ফের সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। বড়োল্যান্ডের বিষয়গুলি পুনর্বিবেচনা এবং অমীমাংসিত সমস্যার সমাধানে ওই কমিটির কাজ ফের শুরু করা প্রয়োজন বলেও তাঁদের মত।