নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা-সভায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ প্রবাদটির উল্লেখ করে তাঁর অভিযোগ, সংবিধানের কথা বললেও রাহুল সংবিধান-প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনা করে চলেছেন।

বৃহস্পতিবার শাহ বলেন, নির্বাচনে ধারাবাহিক হারের পরে নিজের ব্যর্থতার জন্য অন্যদের দোষ দিচ্ছেন রাহুল। তাঁর অভিযোগ, সংসদে বিতর্কের বদলে রাহুল রাস্তায় নেমে প্রতিবাদের কথা বলেন। নির্বাচন কমিশন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়েও রাহুল সমালোচনা করেছেন বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিদেশ সফরের সময়ে রাহুল ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলেও অভিযোগ করেন শাহ।

কংগ্রেসের আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৮ মাসের জরুরি অবস্থায় সংবিধানপ্রদত্ত স্বাধীনতা ও অধিকার সঙ্কুচিত করা হয়েছিল। সেই সময়ে সংবিধানের মূল আদর্শকে কার্যত অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল বলেও তাঁর অভিযোগ।

ভাষণে ২০৪৭ সালে ভারতের স্বাধীনতার শতবর্ষ পালনের কথাও বলেন শাহ। তাঁর মতে, দেশের লক্ষ্য কোনও এক রাজনৈতিক নেতাকে মহান করে তোলা নয়, ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সংসদে এক কংগ্রেস নেতার সঙ্গে কথোপকথনের উল্লেখ করে তিনি বলেন, ২০৪৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় থাকবেন, তার চেয়ে সে সময়ে ভারত কোথায় থাকবে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

শাহ আরও বলেন, সংবিধান প্রণেতারা মানুষকে শাসক নির্বাচনের অধিকার দেওয়ার পাশাপাশি ক্ষমতায় থাকা ব্যক্তিদের সংবিধানের সীমার মধ্যে থেকে শাসন চালানোর দায়িত্বও নির্ধারণ করেছিলেন। অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্য উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তিনি সংবিধানের প্রস্তাবনাও পাঠ করেন।

১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভা ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল। দিনটি প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালিত হয়।