নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সংবিধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি নিচ্ছে কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কংগ্রেস দেশজুড়ে ‘সংবিধান রক্ষা’ শীর্ষক পদযাত্রার পরিকল্পনা করেছে। অন্য দিকে, নাগপুরে ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ সমাবেশ করবে সিজেপি।
লখনউয়ের কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের যোগ দেওয়ার কথা। দলের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি ডক্টর বি আর আম্বেদকর অথবা মহাত্মা গান্ধীর মূর্তি থেকে পদযাত্রা শুরু করবে। পরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার সংকল্প গ্রহণ করা হবে।
তবে পদযাত্রার জন্য স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ ওঠার পরে লখনউয়ের কর্মসূচি রাজ্য কংগ্রেসের প্রধান কার্যালয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন সিজেপির সমাবেশটি হবে নাগপুরের সংবিধান চকে, বিকেল ৪টে থেকে। দলের দাবি, গণতন্ত্র, সংবিধানের মূল্যবোধ এবং সরকারের জবাবদিহিতার প্রশ্ন এই কর্মসূচিতে বিশেষ ভাবে তুলে ধরা হবে। অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ এবং সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাংকারেরও সমাবেশে থাকার কথা।
এ দিকে, ‘ভোট রক্ষক’ অভিযানের মাধ্যমে ভোটার তালিকায় নাম যাচাই এবং নাম বাদ পড়া ভোটারদের সহায়তার পরিকল্পনা করেছে কংগ্রেস। দলের আশঙ্কা, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়তে পারে। রাহুল গান্ধীও নির্বাচনী তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছেন।
এ বারের কর্মসূচির প্রেক্ষাপটে নিট-ইউজি পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলনের প্রসঙ্গও রয়েছে। পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে হওয়া বিক্ষোভে ছাত্রছাত্রী এবং বিরোধী দলগুলি অংশ নিয়েছিল। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও উঠেছিল। সেই আন্দোলনের সময়েই অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত সিজেপি বেশি জনপ্রিয়তা পায়। পরে পরীক্ষার স্বচ্ছতা, শিক্ষা, নিয়োগ, মতপ্রকাশের স্বাধীনতা এবং পুলিশের জবাবদিহিতার মতো বিষয়ও আন্দোলনের আলোচনায় আসে।