গুয়াহাটি, ২৭ নভেম্বর: ‘সংবিধান রক্ষা মার্চ’-এর প্রস্তুতি সভা বাতিলকে কেন্দ্র করে কামরূপ জেলা কংগ্রেসের সভাপতি প্রণজিৎ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দিল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

২৬ নভেম্বর জারি করা নোটিসে বলা হয়েছে, গুয়াহাটিতে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সংবিধান রক্ষা মার্চ’। তার প্রস্তুতির জন্য কামরূপ জেলা কংগ্রেসের একটি সভা ঠিক করা হয়েছিল। নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মেনেই ওই কর্মসূচির প্রস্তুতি চলছিল।

নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক মনোজ চৌহান বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির সঙ্গে বৈঠক করে দলীয় কর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু কোনও বৈধ কারণ ছাড়াই আচমকা সভাটি বাতিল করা হয় বলে নোটিসে অভিযোগ করা হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিষয়টি জানানো হলে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে। দলীয় নির্দেশ অমান্য এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রণজিৎকে জবাব দিতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও ব্যাখ্যা করতে বলা হয়েছে।

সংবিধান দিবস উপলক্ষে ২৬ নভেম্বর দেশ জুড়ে ‘সংবিধান রক্ষা মার্চ’-এর আয়োজন করেছিল কংগ্রেস। প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি নিজেদের রাজ্য সদর দফতরে কর্মসূচিটি পালন করে। দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে লক্ষ্ণৌয়ের মূল কর্মসূচিতে অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে সংবিধানের ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষার শপথ নেওয়া হয়।