তিনসুকিয়া: অসমে সর্ব অসম মোটর পরিবহণ সংস্থার ডাকা অনির্দিষ্টকালীন চাকা বন্ধের দ্বিতীয় দিনেও তিনসুকিয়ায় তার ব্যাপক প্রভাব পড়েছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই বন্ধের জেরে রাস্তায় বাণিজ্যিক গাড়ির চলাচল উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েছেন।

বাস পরিষেবা ব্যাহত হওয়ায় দৈনন্দিন কাজে বেরোনো কর্মী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া পড়ুয়াদের ভোগান্তি বেড়েছে। দ্বিতীয় দিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

বন্ধের সুযোগ নিয়ে একাংশ ট্যাক্সিচালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগ ঘিরে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এসএলডি ও ভিএলটিডি যন্ত্র বাধ্যতামূলক করার বিরোধিতা, কর ও জরিমানা কমানো, জ্বালানির দাম কমানো এবং বেআইনি টোলগেট বন্ধের দাবিতে পরিবহণ সংস্থা এই চাকা বন্ধের ডাক দিয়েছে।

সরকার ও পরিবহণ সংগঠনগুলির মধ্যে কবে আলোচনা হবে এবং বন্ধ কবে প্রত্যাহার হবে, সে দিকেই এখন নজর যাত্রীদের।