গুয়াহাটি, ২৭ নভেম্বর: অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
প্রথম বার পালিত ‘শিশু, অকাল ও জোরপূর্বক বিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, বাল্যবিবাহ প্রথা সম্পূর্ণ নির্মূল করতে রাজ্য সরকারের অভিযান চলবে। এই অভিযানের আওতায় অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বাল্যবিবাহ নির্মূলে সরকারের সংকল্প অটল। মেয়েদের মর্যাদা, অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত করাই সরকারের অগ্রাধিকার।
কোনও শিশুকে যাতে জোর করে বিয়ের জন্য নিজের শৈশব ছেড়ে দিতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ চলতি বছরের ৪ সেপ্টেম্বর একটি প্রস্তাব গ্রহণ করে ২৭ নভেম্বরকে ‘শিশু, অকাল ও জোরপূর্বক বিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস’ হিসেবে নির্ধারণ করেছে। এই দিবসের লক্ষ্য, এ ধরনের বিয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং শিশুদের সুরক্ষায় উদ্যোগ আরও জোরদার করা।