নয়াদিল্লি, ২৭ নভেম্বর: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ওই অধিবেশনে কেন্দ্রীয় সরকার ফের সংবিধান সংশোধনী বিল আনতে পারে বলে জল্পনা চলছে।
বর্তমান হিসাব অনুযায়ী, ৫৪০ সদস্যের লোকসভায় বিলটি গৃহীত করাতে ৩৬০টি ভোট প্রয়োজন। এনডিএ-র সমর্থনে রয়েছেন ৩১৯ জন সাংসদ। ফলে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে সরকারের আরও ৪১টি ভোট দরকার।
রাজ্যসভায় এনডিএ-র সাংসদ সংখ্যা ১৫১। সেখানে বিল গৃহীত করাতে প্রয়োজন ১৬২টি ভোট। অর্থাৎ উচ্চকক্ষে সরকারকে আরও ১১ জন সাংসদের সমর্থন জোগাড় করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায়ে তৎপরতা চলছে।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। একই দিন সন্ধ্যা সাড়ে ৪টেয় বিরোধী দলগুলিও বিশেষ অধিবেশনের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসবে। শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) তাদের সব সাংসদের জন্য হুইপ জারি করেছে। দলের সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, বিলের খসড়া প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করবেন না তাঁরা।
কংগ্রেস-সহ বিরোধী দলগুলির দাবি, আসন পুনর্বিন্যাসের শর্ত থেকে মহিলা সংরক্ষণকে আলাদা করে বর্তমান ৫৪৩টি লোকসভা আসনেই ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিআরএস সরকারের সঙ্গে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ কমাতে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো এবং ১৯৭১ সালের জনগণনার অনুপাত বজায় রাখার প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে বলে জল্পনা। তবে এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি।
৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বৈঠক হওয়ার কথা। ৩ ডিসেম্বর বিশেষ অধিবেশন শেষ হবে।