রায়পুর, ৪ নভেম্বর: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলার অন্যতম অভিযুক্ত সৌরভ চন্দ্রকরকে ৮ দিনের CBI হেফাজতে পাঠিয়েছে ছত্তিশগড়ের রায়পুরের একটি বিশেষ আদালত। বুধবার তাঁকে আদালতে হাজির করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১০ দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত ৮ দিনের হেফাজত মঞ্জুর করে। পাশাপাশি জেরার জন্য চন্দ্রকরকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতিও দিয়েছে আদালত।

ওমান থেকে প্রত্যর্পণের পর মঙ্গলবার সন্ধ্যায় CBI হেফাজতে একটি ব্যক্তিগত বিমানে চন্দ্রকরকে রায়পুরে আনা হয়। এর আগে সোমবার দিল্লির একটি আদালত তাঁকে ছত্তিশগড়ে নিয়ে যাওয়ার জন্য CBI-কে দু’দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছিল।

প্রায় ৬,০০০ কোটি টাকার কথিত মহাদেব অনলাইন বেটিং চক্রের মামলায় চন্দ্রকরকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। CBI-এর অভিযোগ, চন্দ্রকর, সহ-অভিযুক্ত রবি উপ্পল এবং তাঁদের সহযোগীরা Mahadev Book App-এর মাধ্যমে প্যানেল ও শাখা পরিচালকদের নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইন বেটিং ব্যবসা চালাতেন।

তদন্তকারী সংস্থার অভিযোগ, অবৈধ বেটিংয়ের অর্থ লেনদেনের জন্য কমিশনের ভিত্তিতে শত শত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অর্থ সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানো হতো বলেও অভিযোগ। CBI-এর দাবি, দুবাই থেকে এই চক্র পরিচালিত হতো এবং ছত্তিশগড়ের বহু যুবককে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল।

ছত্তিশগড় সরকার ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর CBI এই মামলায় FIR দায়ের করে তদন্তের দায়িত্ব নেয়। এর আগে ছত্তিশগড়ের State Economic Offence Bureau মামলাটির তদন্ত করছিল।