নয়াদিল্লি, ৫ নভেম্বর: ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বার্ষিক বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসএসআর) প্রক্রিয়া ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। নতুন ও প্রথমবার ভোট দিতে চলা ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি, নিয়মবহির্ভূতভাবে নাম বাদ দেওয়া আটকাতে একাধিক সুরক্ষামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এই সংশোধন প্রক্রিয়া অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, মিজোরাম, ওড়িশা ও সিকিমে কার্যকর হবে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর যাঁরা ভোটদানের যোগ্য হবেন, তাঁরাও আগাম আবেদন জমা দিতে পারবেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই নাম একাধিকবার নথিভুক্ত হওয়ার অভিযোগে নাম বাদ দেওয়ার আবেদন এলে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরেজমিনে যাচাই করতে হবে।
কোনও ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশের বেশি নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়লে নির্বাচক নিবন্ধন আধিকারিকদের নিজে সেই আবেদনগুলি পুনরায় যাচাই করতে হবে। একইভাবে, কোনও এক আপত্তিকারী পাঁচটির বেশি আপত্তি জানালে সেগুলিও বিশেষভাবে পরীক্ষা করা হবে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, ৬ ও ৮ নম্বর ফর্মে আধারের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়, তা সম্পূর্ণ ঐচ্ছিক। শুধু আধারের তথ্য না দেওয়ার কারণে ভোটার তালিকায় নাম তোলার আবেদন বাতিল করা যাবে না। একই কারণে তালিকায় থাকা কোনও ভোটারের নামও বাদ দেওয়া যাবে না।
এর আগে ১৫ অক্টোবর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পাঞ্জাব-সহ ১৭টি রাজ্যে এই সংশোধন প্রক্রিয়া ঘোষণা করেছিল কমিশন।
সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এই কাজের জন্য পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।