৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের চার দিনের বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই সীমানা পুনর্নির্ধারণ এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।
এর আগে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদের অধীনে লোকসভায় বিবেচনার জন্য ‘সীমানা পুনর্নির্ধারণ (দ্বিতীয়) বিল, ২০২৬’-এ আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছেন। ২৮ নভেম্বর লোকসভা সচিবালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের ২৭ নভেম্বরের চিঠির ভিত্তিতেই রাষ্ট্রপতি এই পরামর্শ দিয়েছেন।
ভারতের সঞ্চিত তহবিল থেকে ব্যয়ের সঙ্গে যুক্ত কোনও বিল সংসদের কোনও কক্ষে গৃহীত হওয়ার আগে রাষ্ট্রপতির পরামর্শ প্রয়োজন হয়। তবে এই পরামর্শের অর্থ বিলটিতে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন মিলেছে বা সেটি পাশ হয়ে গিয়েছে, এমন নয়।
তিনটি বিল পেশের পরিকল্পনা
বিশেষ অধিবেশনে সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬, সীমানা পুনর্নির্ধারণ (দ্বিতীয়) বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) দ্বিতীয় বিল, ২০২৬ পেশ করার পরিকল্পনা রয়েছে। এই বিলগুলির মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করা এবং সীমানা পুনর্নির্ধারণের পথ তৈরি করাই লক্ষ্য।
প্রস্তাবিত বিলগুলিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা এবং বিধানসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা ৫৫০ থেকে ৮৫০ এবং রাজ্য বিধানসভাগুলির সর্বাধিক আসনসংখ্যা ৫০০ থেকে ৬৫০ করার প্রস্তাব রাখা হয়েছে।
নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণে ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহারের প্রস্তাব রয়েছে। ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার কথাও বলা হয়েছে। প্রস্তাবিত আইন কার্যকর হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ চালুর পথ খুলতে পারে। এ জন্য সীমানা পুনর্নির্ধারণ কমিশন গঠনের প্রস্তাবও বিলে রয়েছে।
লোকসভার বিশেষ বৈঠক চলবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যসভার বৈঠক শুরু হবে ২ ডিসেম্বর থেকে। অধিবেশনে বিলগুলি পেশ এবং তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।