ধুবড়ি, ৫ নভেম্বর: ধুবড়ি জেলা সংশোধনাগারে বন্দি থাকা ৩০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে তাঁর মৃত্যু হয়। সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আচমকা অসুস্থ হয়ে পড়ার পর জরুরি চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

মৃতের নাম মহলম ইসলাম। তিনি দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানার অন্তর্গত কাজিপাড়া (পুবেরগাঁও) গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে।

ধুবড়ি জেলা সংশোধনাগারের সুপারিনটেনডেন্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে তিনি সংশোধনাগারে বন্দি ছিলেন। তার আগে ৩১ অগস্ট অসম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ তাঁর আটকাদেশ জারি করেছিল।

সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, মহলমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। তাঁর তীব্র শ্বাসকষ্টের পাশাপাশি পেট ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। সংশোধনাগারের চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকের পরীক্ষার পর তাঁকে দ্রুত ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা চললেও রাত ১২টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। হেফাজতে বা আটক অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ৫ নভেম্বর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।