ডিব্রুগড়, ৫ নভেম্বর: গুয়াহাটির হোটেল বিলাস ইন হত্যাকাণ্ডের অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পরিবারের দাবি, আজই দেহ পুলিশের কাছ থেকে তাঁদের হাতে তুলে দিতে হবে। তা না হলে তাঁরা দেহ গ্রহণ করবেন না বলে জানা গিয়েছে।

এদিকে, ঘনকান্ত গগৈয়ের ময়নাতদন্তও সম্পন্ন করা সম্ভব হয়নি। গত দু’দিন ধরে প্রশাসন ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করতে পারেনি। বৃহস্পতিবার বিকেল ৪টের পরেও ময়নাতদন্ত না হওয়ায় দেহটি ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২৬ অক্টোবর গুয়াহাটির হোটেল বিলাস ইনে গুলিচালনার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে ঘনকান্ত গগৈকে গ্রেফতার করা হয়েছিল। সাত দিনের পুলিশি হেফাজত শেষে ৩ নভেম্বর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

কিন্তু ৪ নভেম্বর ভোরে শিবসাগরে নিয়ে যাওয়ার পথে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। পুলিশের বক্তব্য, ফুলপানিসিগার কাছে পুলিশের গাড়ি থামার সময় ঘনকান্ত পালানোর চেষ্টা করেন এবং এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায় বলে দাবি করা হয়েছে।

প্রথমে দেহটি শিবসাগর অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ময়নাতদন্তের প্রয়োজনীয় পরিকাঠামো এবং ফরেনসিক বিশেষজ্ঞের অভাব থাকায় পরে দেহটি ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

ময়নাতদন্ত সম্পন্ন হওয়া এবং পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার বিষয়টি নিয়ে এখন পরবর্তী পদক্ষেপের অপেক্ষা চলছে।