আগামী ৯ নভেম্বর সরকারি সিকিউরিটিজ নিলামের মাধ্যমে আরও ১,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অসম সরকার। এই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তর রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রস্তাব জমা দিয়েছে।
গত ২৭ অক্টোবরই ১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল রাজ্য সরকার। সেই ঋণের দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ফের একই পরিমাণ টাকা ঋণ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ৩,১০০ কোটি টাকা এবং অক্টোবর মাসে ২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার।
রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ব্যয়ও সরকারি কোষাগারের উপর চাপ বাড়াচ্ছে। অরুণোদয় প্রকল্পে প্রতি মাসে ৪৫০ কোটি টাকারও বেশি খরচ হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, নিজুত বাবু এবং নিজুত মাইনা প্রকল্পে মিলিয়ে মাসে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়।
উপলব্ধ তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মার্চ মাসে অসমের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ৪১,৯৬৪ কোটি টাকা। সর্বানন্দ সোনোয়াল সরকারের আমলে তা বেড়ে ৮৯,৭০৯ কোটি টাকা হয়।
২০২৫ সালের মার্চ মাসে রাজ্যের ঋণের পরিমাণ দাঁড়ায় ১,৭৭,৯৮৩ কোটি টাকা। বর্তমানে অসমের মোট ঋণের পরিমাণ প্রায় ২.১৩ লক্ষ কোটি টাকা বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৪২,৫০০ টাকা।
রাজ্যের ঋণের বোঝা বৃদ্ধি নিয়ে বিরোধী দল এবং বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলেছে। অন্যদিকে, পরিকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং বিনিয়োগ বাড়ানোর জন্য ঋণ নেওয়া প্রয়োজন বলে সরকারের বক্তব্য।