গুয়াহাটি, ৮ নভেম্বর: ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের (এএসএসইবি) দ্বিতীয় বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
পরিষদ জানিয়েছে, নির্ধারিত পরীক্ষা পোর্টালের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্ম জমা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের বলা হয়েছে।
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি ধার্য হয়েছে ৯০০ টাকা। ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পড়ুয়াদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
তবে যে সব পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকা বা তার কম, সেই পরিবারের যোগ্য পড়ুয়ারা ফর্ম পূরণের ফি-তে সম্পূর্ণ ছাড় পাবেন। আর্থিক সমস্যার কারণে যাতে কোনও পড়ুয়া পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএসএসইবির আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে হওয়ার কথা। বিষয়ভিত্তিক পরীক্ষার নির্দিষ্ট দিন এবং সম্পূর্ণ সূচি পরে প্রকাশ করা হবে।