শিলিগুড়ি, ৯ নভেম্বর: ভারতীয় সেনায় সামগ্রী সরবরাহের নামে গুয়াহাটির একটি ব্যবসায়িক সংস্থার কাছ থেকে ১১ কোটি ৫০ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগে শিলিগুড়ি থেকে এক যুবককে গ্রেফতার করল পানবাজার থানার পুলিশ। ধৃতের নাম হর্ষ আগরওয়াল। বয়স ৩০ বছর।

পুলিশ জানিয়েছে, আন্তঃরাজ্য অভিযান চালিয়ে হর্ষকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২ কোটি টাকারও বেশি অর্থ ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, গুয়াহাটির গ্লোবাল ট্রেডার্স নামে ওই সংস্থার সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে প্রথমে সংস্থাটির আস্থা অর্জন করা হয় বলে অভিযোগ।

এর পরে ভারতীয় সেনার নামে ভুয়ো সরবরাহের বরাত, সেনা আধিকারিকের ভুয়ো পরিচয় এবং জাল আর্থিক নথি ব্যবহার করে প্রতারণা করা হয় বলে তদন্তকারীদের দাবি। এই প্রতারণার সঙ্গে যুক্ত মোট লেনদেনের পরিমাণ ১১,৫০,৫৬,১৮০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের অভিযোগ, হর্ষ আগরওয়াল তাঁর ভাই আয়ুষ আগরওয়ালকে সেনার সরবরাহ-চুক্তির সঙ্গে যুক্ত এক দূরসম্পর্কের আত্মীয় হিসেবে অভিযোগকারী সংস্থার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে সংস্থার আস্থা অর্জন করে প্রতারণামূলক লেনদেন করা হয়।

পানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্করজ্যোতি নাথের নেতৃত্বে অভিযানে হর্ষের অবস্থান চিহ্নিত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় পানবাজার থানায় মামলা রুজু হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার এবং প্রতারণার অর্থের খোঁজে তদন্ত চলছে।