কোকরাঝার: জেলার হালোয়াদলের তারাং ঝিজিরি খেলার মাঠে তিন দিনের জাতীয় বড়ো শিল্প-সংস্কৃতি উৎসব ‘বড়ো হারিমু সানো’র সফল সমাপ্তি হয়েছে। সংগীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত উস্তাদ কামিনী কুমার নার্জারীর জন্মশতবর্ষ উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

৭, ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত এই উৎসবের মাধ্যমে বড়ো জনগোষ্ঠীর সমৃদ্ধ শিল্প-সংস্কৃতি, পরম্পরা ও ঐতিহ্যকে জাতীয় স্তরে তুলে ধরা হয়েছে। পাশাপাশি উস্তাদ কামিনী কুমার নার্জারীর অবদানও স্মরণ করা হয়েছে।

বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের উদ্যোগে সংগীত নাটক আকাদেমি, নয়াদিল্লি, অসম সরকারের সংস্কৃতি বিষয়ক দফতর এবং বড়ো হারিমু সানো ও দুলারায় বড়ো হারিমু আফাদের সহযোগিতায় উৎসবটি আয়োজিত হয়।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, বিমল বরুয়া, বিশ্বজিৎ দৈমারী ও চরণ বড়ো। এ ছাড়া বিটিসি প্রধান হাগ্রামা মহিলারী, বিধায়ক রূপমচন্দ্র রায় ও শিউলি মহিলারী, কার্যনির্বাহী সদস্য কর্মেশ্বর রায়, দেরহাসাৎ বসুমতারী এবং প্রকাশ বসুমতারী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।