ঢাকা, ৯ নভেম্বর: ভারত থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় আবেগের কোনও জায়গা নেই। সব পদক্ষেপ আইন মেনেই করা হচ্ছে বলে জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান।
রবিবার, ৮ নভেম্বর, ঢাকায় ‘ইন্টিগ্রিটি ইন জুডিশিয়াল প্রসিডিংস’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার বিষয়ে আইনগত ভাবে যা যা করা প্রয়োজন, আমরা সেই সব পদক্ষেপ করছি। বিষয়টি আইন মেনেই মোকাবিলা করা হবে। কোনও পদক্ষেপে আবেগের স্থান নেই। আমরা আইন প্রয়োগ করব।
আইনমন্ত্রী জানান, হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তির অধীনে অনুরোধ জানানো হয়েছে। ভারত সরকার তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে তাঁকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতে আসেন শেখ হাসিনা। তার পর থেকেই তিনি ভারতে রয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের বিশেষ ট্রাইবুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনার সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। তবে হাসিনা অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়ার বৈধতাকেও চ্যালেঞ্জ করে আসছেন।
এ দিকে, চলতি বছরের ডিসেম্বরে যে কোনও পরিস্থিতিতেই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন হাসিনা। সম্প্রতি তাঁর আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন পাঠানো হয়েছিল। বাংলাদেশ সরকার সেই আবেদন খারিজ করেছে বলে জানা গিয়েছে।