ধেমাজি, ৯ নভেম্বর: মিচিং ও সোনোয়াল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১০ নভেম্বর। শেষ দিনের আগে মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের বিভিন্ন পরিষদীয় আসনে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেন।

মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য পরমানন্দ চায়েংগিয়া সমর্থকদের নিয়ে ১৭ নম্বর মিংমাং পরিষদীয় আসনের জন্য জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন।

এ ছাড়া ১৫ নম্বর পরিষদীয় আসনের জন্য রাজু পেগু, ১৩ নম্বর চিচিকলঘর পরিষদীয় আসনের জন্য যুবনেতা কৃষ্ণকান্ত দলে এবং ১৫ নম্বর গোগামুখ পরিষদীয় আসনের জন্য সমাজকর্মী তারানাথ পেগুও মনোনয়ন জমা দিয়েছেন।

এ বারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রতীকচিহ্ন থাকবে না। মানুষ উন্নয়নের পক্ষেই তাঁদের মত প্রকাশ করবেন। — পরমানন্দ চায়েংগিয়া

অসম রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দুই স্বায়ত্তশাসিত পরিষদের ভোট হবে ৩০ নভেম্বর। ১২ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ নভেম্বর।

ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।