বরপেটা, ১০ নভেম্বর: এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভুয়ো অনলাইন লেনদেনের মাধ্যমে ৯৯ হাজার টাকা তোলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে বরপেটা পুলিশ। ধৃতদের নাম হামিদুল খান, মজিদুর রহমান এবং মুজাম্মিল।
পুলিশ জানিয়েছে, তিন জনই বরপেটা থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা।
বরপেটার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সমীরণ বৈশ্য জানান, দিগন্ত দাস নামে এক ব্যক্তি ই-মেলে অভিযোগ করেন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে বরপেটা পুলিশ ৪৪১/২৬ নম্বর মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তিগত তথ্যের সাহায্যে বরপেটা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে তিন সন্দেহভাজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
জেরার সময় ধৃতেরা প্রতারণামূলক পদ্ধতিতে অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।
বর্তমানে তিন জনই পুলিশি হেফাজতে রয়েছেন। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পরে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, অপরিচিত কাউকে যাচাই না করে আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনও ব্যক্তিগত পরিচয়পত্র দেওয়া উচিত নয়। পুলিশের বক্তব্য, সাইবার অপরাধীরা এ ধরনের নথি ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা বেআইনি আর্থিক লেনদেন চালাতে পারে।