শোণিতপুর, ১০ নভেম্বর: সোনাইরূপাই অভয়ারণ্যে বন দফতরের অভিযানে অস্ত্র-সহ পাঁচ চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে। কালামাটি বনাঞ্চলিক আধিকারিকের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল গেলগেলি এলাকার দুর্গম স্থান থেকে তাঁদের গ্রেফতার করে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা দীর্ঘদিন ধরে অভয়ারণ্যের ভিতরে বন্যপ্রাণী শিকার করছিলেন। তাঁদের কাছ থেকে একটি হাতে তৈরি বন্দুক এবং ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
বন দফতর জানিয়েছে, উদ্ধার হওয়া হাতে তৈরি বন্দুকটি হাপন সোরেনের। ধৃত অন্য চার জন হলেন তালা সোরেন, মন্টি মুর্মু, চামাটো সোরেন এবং মঙ্গল হাসদা।
কিছু দিন আগে বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সোনাইরূপাই অভয়ারণ্য পরিদর্শন করে দখলদার ও চোরাশিকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ধৃত পাঁচ জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বন দফতর।