গুয়াহাটি, ১০ নভেম্বর: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান অসম প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা অনুমোদন করা হল। একই বৈঠকে সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের মৃত্যুকালীন এককালীন সাহায্য ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রায় ৩০ লক্ষ পরিবার কেন্দ্রীয় সরকারের সুবিধা পায়। আরও প্রায় ৪০ লক্ষ পরিবারের ব্যয় বহন করে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যেই রাজ্যের অংশ হিসেবে ২০০ কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কর্মরত আধিকারিক, কর্মী ও শিক্ষকদের কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাঁদের পরিবারকে এককালীন সাহায্য দেওয়া হয়। সেই সাহায্যের অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা করা হয়েছে।
স্কুলের পাঠদান ও শেখার উপকরণ তৈরির ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত হয়েছে। আগে দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কাছ থেকে এই উপকরণ কিনে স্কুলে সরবরাহ করা হত। এ বার আইআইটি গুয়াহাটি রিসার্চ পার্কের সঙ্গে যৌথ ভাবে ওই উপকরণগুলি তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, শিশুদের গণিত, জ্যামিতি ও ইংরেজি শেখার উপযোগী উপকরণ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে প্রাথমিক স্তরের পড়ুয়াদের পাঠদান ও শেখার প্রক্রিয়ায় সহায়ক উপকরণ তৈরি করে স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হবে।
কলেজগুলির ফি মকুব প্রকল্পের জন্যও ১০৮ কোটি টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকা পড়ুয়াদের ভর্তি ফি মকুবের পরিবর্তে রাজ্য সরকার কলেজগুলিকে অর্থ দেয়। অনুমোদিত অর্থ সরাসরি কলেজগুলির কাছে পাঠানো হবে।
গুয়াহাটির কৃষ্ণকান্ত সন্দিকৈ সংস্কৃত মহাবিদ্যালয়কে ভাস্কর বর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে। মুখ্যমন্ত্রী জানান, মহাবিদ্যালয়টিতে এখন মাত্র ৬৫ জন পড়ুয়া রয়েছেন। একীভূতকরণের পরে প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত কাজ নলবাড়ির বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হবে। বর্তমান পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং মহাবিদ্যালয়ের অধ্যাপকেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অন্তর্ভুক্ত হবেন। কৃষ্ণকান্ত সন্দিকৈয়ের নামে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাঞ্জাবাড়ির পুরবী ডেয়ারির শিল্প ইউনিট থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেবেন। এ ছাড়া, ২৯ নভেম্বর ডক্টর ভূপেন হাজরিকার অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি পরের মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।