কোহিমা, ১০ নভেম্বর: এক শতাব্দীরও বেশি সময় ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়ামে সংরক্ষিত নাগা জনগোষ্ঠীর ৩৯ জন পূর্বপুরুষের দেহাবশেষ ঐতিহাসিক প্রত্যর্পণ উদ্যোগের মাধ্যমে নাগাল্যান্ডে ফিরিয়ে আনা হচ্ছে।

সোমবার মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশন (FNR) এবং নাগা ট্রাইব হোহোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ওই দেহাবশেষ তুলে দেওয়া হয়।

দেহাবশেষ হস্তান্তরের নথিতে স্বাক্ষর করেন পিট রিভার্স মিউজিয়ামের অধিকর্তা অধ্যাপক লরা ভ্যান ব্রুকহোভেন এবং FNR-এর প্রতিনিধি রেভারেন্ড ড. ওয়াটি আইয়ার। FNR-এর হয়ে ভিজিয়ের সান্যু এবং নাগা ট্রাইব হোহোর হয়ে থেজাও ভিহিয়েনুও এই নথিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।

মঙ্গলবার FNR-এর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহাবশেষগুলি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নাগাল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

১৮৮৪ সালে প্রতিষ্ঠিত পিট রিভার্স মিউজিয়ামের সংগ্রহের অংশ ছিল এই দেহাবশেষগুলি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত সাংস্কৃতিক নিদর্শন এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

অনুষ্ঠানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইরিন ট্রেসি এই হস্তান্তরকে বিশ্ববিদ্যালয় ও নাগা জনগোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এই উদ্যোগ পুনর্মিলন, মানসিক নিরাময় এবং শান্তির লক্ষ্যে জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত প্রচেষ্টার প্রতিফলন।

অনুষ্ঠানে ভিজিয়ের সান্যু নাগা সমাজের উপর ব্রিটিশ ঔপনিবেশিক হিংসার প্রভাবের কথা তুলে ধরেন। ঔপনিবেশিক বাহিনী তাঁর নিজের গ্রামও পুড়িয়ে দিয়েছিল বলে তিনি স্মরণ করেন।

নাগা ট্রাইব হোহোর প্রতিনিধি এবং আঙ্গামি পাবলিক অর্গানাইজেশনের সভাপতি থেজাও ভিহিয়েনুও বলেন, পূর্বপুরুষদের দেহাবশেষ ফিরিয়ে আনা নাগা জনগোষ্ঠীর অধিকার। বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত অন্য নাগা পূর্বপুরুষদের দেহাবশেষও মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

এদিকে, কোহিমার নাগা সলিডারিটি পার্কে দেহাবশেষগুলি সমাধিস্থ করার প্রস্তুতি শুরু হয়েছে। পার্ক পরিচালন সমিতি এ জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ করেছে। সমিতির আহ্বায়ক ভিপোপাল কিন্তসির বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত সমাধিস্থলের প্রস্তুতি শুরুর জন্য সম্প্রতি প্রার্থনাসভাও অনুষ্ঠিত হয়েছে।

তাঁর মতে, এই সমাধিস্থল নাগা পূর্বপুরুষদের জন্য একটি অভিন্ন বিশ্রামস্থল হয়ে উঠবে এবং নাগা জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, শান্তি ও পুনর্মিলনের বার্তা ছড়িয়ে দেবে।