জাগুন, ১২ নভেম্বর: অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী ৬ মাইল রামপুরের জাগুন খেলার মাঠে ব্রেভ হার্ট একাদশ মেজর দুর্গা মল্লা জেলা পর্যায়ের গোরখা কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর সমাপ্তি হয়েছে ১০ নভেম্বর। পুরুষ বিভাগের ফাইনালে পেনাল্টি শুটআউটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে এম জে স্ট্রাইকার্স মার্ঘেরিটা।

সদৌ অসম গোরখা ছাত্র সংঘের তিরাপ-জাগুন আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং সমস্ত শাখা কমিটির সহযোগিতায় ২৫ অক্টোবর থেকে প্রতিযোগিতাটি চলছিল। এ বার মোট ১৬টি দল অংশ নিয়েছিল। স্বাধীনতা সংগ্রামী শহিদ মেজর দুর্গা মল্লার স্মৃতিতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরুষ বিভাগের ফাইনালে লালপাহাড় এলওয়ার্স এফসির মুখোমুখি হয় এম জে স্ট্রাইকার্স মার্ঘেরিটা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে তিনটি গোল করে জয় নিশ্চিত করে এম জে স্ট্রাইকার্স। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্স-আপ লালপাহাড় এলওয়ার্স এফসিকে ৬০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

মহিলা বিভাগের ফাইনালে ডিগবই মহিলা এফসিকে ২-০ গোলে হারিয়ে খেতাব জেতে রামপুর সানশাইন এফসি। তাদের ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার্স-আপ ডিগবই মহিলা এফসি পেয়েছে ৫ হাজার টাকা ও ট্রফি।

সমাপ্তি অনুষ্ঠানে মেজর দুর্গা মল্লার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এবং প্রতিযোগিতার একাদশ সংস্করণের স্মৃতিগ্রন্থ প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন সদৌ অসম গোরখা ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি নুমল ছেত্রী, জিডিসির সভাপতি প্রেম তামাং-সহ সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

তরুণ প্রজন্মকে মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলা, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও উৎসাহ দেওয়া এবং সমাজে ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ গড়ে তোলাই এই প্রতিযোগিতার লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক কমিটি। প্রতিযোগিতা সফল করতে সহযোগিতার জন্য সমস্ত শাখা কমিটি, খেলোয়াড়, সহযোগী প্রতিষ্ঠান, অতিথি ও ক্রীড়াপ্রেমী দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে।