অসমের বিভিন্ন প্রান্তে প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে দুই যুবক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক মহিলা।

বুধবার, ১১ নভেম্বর সকালে গোয়ালপাড়া জেলার কুমরী এলাকায় ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ১৯ বছরের আতাবুল ইসলামের। নিজের নৌকায় বসে থাকার সময়ই তিনি বজ্রপাতে আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

চাপারের শ্রীগ্রাম ষষ্ঠ খণ্ড গ্রামেও বজ্রপাতে মৃত্যু হয়েছে বাছের আলি নামে এক যুবকের। দুই সন্তানের বাবা বাছের আলির মৃত্যুর পরে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

মরিগাঁওয়ের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মণিরাম ডেকা নামে এক ব্যক্তির। ওই ঘটনায় এক মহিলা জখম হন। তাঁকে মরিগাঁও অসামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঝড়-বৃষ্টিতেও রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ডিগবইয়ে ঝড়ের জেরে বহু এলাকায় ক্ষতি হয়েছে এবং কিছু জায়গায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। ডিমৌতে বহু বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে, উপড়ে পড়েছে অনেক সুপুরি গাছ।

ঝড়-বৃষ্টির পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রাও কমেছে। বজ্রপাতের সময় নদী, জলাশয় এবং খোলা জায়গায় না থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।