উত্তর গুয়াহাটি: ব্রহ্মপুত্রের উত্তর পাড়ের ঐতিহাসিক উত্তর গুয়াহাটিতে রয়েছে রুদ্রেশ্বর দেবালয়। আহোম যুগের ইতিহাস, পিতার প্রতি পুত্রের শ্রদ্ধা এবং স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এই শিবমন্দির। আহোম স্বর্গদেউ প্রমত্ত সিংহ তাঁর পিতা স্বর্গদেউ রুদ্র সিংহের স্মৃতিতে এই মন্দির নির্মাণ করান। ১৭৪৯ খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ শেষ হয়।

রুদ্র সিংহ ১৬৯৬ থেকে ১৭১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত আহোম রাজ্য শাসন করেছিলেন। অসম সরকারের প্রত্নতত্ত্ব দফতরের তথ্য অনুযায়ী, রুদ্র সিংহের যে স্থানে মৃত্যু হয়েছিল, সেখানেই পরে তাঁর পুত্র প্রমত্ত সিংহ মন্দিরটি নির্মাণ করান।

ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে, রাজত্বের শেষ দিকে রুদ্র সিংহ আহোম রাজ্যের সীমানা পশ্চিমে করতোয়া নদী পর্যন্ত বিস্তারের পরিকল্পনা করেছিলেন। সেই অভিযানের জন্য বড় সামরিক বাহিনী গঠনের প্রস্তুতিও চলছিল। কাছার ও জয়ন্তিয়ার শাসকদের সহযোগিতার কথাও ওই বিবরণে রয়েছে।

তবে পরিকল্পিত অভিযান শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন রুদ্র সিংহ। ১৭১৪ সালের অগস্টে গুয়াহাটির শিবিরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরে জ্যেষ্ঠ পুত্র শিব সিংহ সিংহাসনে বসেন। রুদ্র সিংহের দ্বিতীয় পুত্র প্রমত্ত সিংহ ১৭৪৪ সালে রাজপাটে বসেন। পরে পিতার স্মৃতিতে মন্দির নির্মাণের ব্যবস্থা করেন তিনি।

রুদ্র সিংহের নাম অনুসারেই মন্দিরটির নাম হয় রুদ্রেশ্বর দেবালয়। পরবর্তী কালে মন্দিরের নামেই এলাকাটির নামও রুদ্রেশ্বর হয়।

উঁচু বর্গাকার ভিতের উপর নির্মিত মন্দিরটিতে আহোম ও মোগল স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। মূল কাঠামোয় মন্দির ও মোগল সমাধি-স্থাপত্যের বৈশিষ্ট্যের সংমিশ্রণ রয়েছে বলে প্রত্নতত্ত্ব দফতর জানিয়েছে।

স্থানীয় ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৯৭ ও ১৯৫০ সালের বিধ্বংসী ভূমিকম্পে দেবালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা সত্ত্বেও আহোম যুগের ইতিহাস ও স্থাপত্যের স্মারক হিসেবে আজও রয়ে গিয়েছে রুদ্রেশ্বর দেবালয়।