গুয়াহাটি, ১১ নভেম্বর: কয়েক কোটি টাকার জিএসটি ফাঁকির সন্দেহে গুয়াহাটির বেলতলার মা কামাখ্যা কোক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে জিএসটি ইন্টেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিট। সংস্থাটির বিরুদ্ধে ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি দাবির অভিযোগ ওঠার পর শুরু হওয়া অভিযান মঙ্গলবার সপ্তম দিনে পড়ল।

তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক সন্দেহ, ভুয়ো করদাতাদের কাছ থেকে নেওয়া চালানের মাধ্যমে সংস্থাটি কয়েক কোটি টাকার আইটিসি পাওয়ার চেষ্টা করেছিল। ৫ নভেম্বর থেকে সংস্থার দফতরে তল্লাশি শুরু হয়। সেই সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে হাজিরার জন্য সংস্থার তিন স্বত্বাধিকারী অনিল কুমার আগরওয়াল, বিমল কুমার আগরওয়াল এবং নবীন কুমার গুপ্তকে নোটিস পাঠানো হয়েছিল। নবীন তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে। তবে বার বার নোটিস পাঠানো হলেও অনিল ও বিমলের হদিস এখনও পাননি তদন্তকারীরা। তাঁদের ফের তলব করা হয়েছে।

তদন্তে সংস্থাটির সঙ্গে যুক্ত ১০টির বেশি জিএসটি রেজিস্ট্রেশন নম্বর চিহ্নিত হয়েছে। এর পরে তদন্তের পরিসর বাড়িয়ে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংস্থাগুলির লেনদেন এবং কর সংক্রান্ত নথি পরীক্ষা করছে বিভাগটি।

মা কামাখ্যা কোক ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত অন্য একটি সংস্থা মহালক্ষ্মী কন্টিনেন্টালেও পৃথক অভিযান চালিয়েছে জিএসটি বিভাগ। ওই সংস্থার সঙ্গে নবীন কুমার গুপ্তের যোগসূত্রের তথ্য সামনে এসেছে। তবে সেখানে কী ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

মা কামাখ্যা কোক ইন্ডাস্ট্রিজ কয়লার ব্যবসা ও কোক উৎপাদনের সঙ্গে যুক্ত। বেলতলা তিনিআলিতে তাদের দফতর এবং আমিনগাঁয়ে উৎপাদন ইউনিট রয়েছে। প্রয়োজনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ডিরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের সহযোগিতা নেওয়ার কথাও ভাবছেন তদন্তকারীরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত বলে ধরা যাবে না।