নতুন দিল্লি, ১১ নভেম্বর: আগামী সপ্তাহে আমেরিকা সফরে গিয়ে দু’টি বিশ্ববিদ্যালয়ের বিশেষ আলোচনায় অংশ নেবেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

১৭ নভেম্বর নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জুড়ে ছাত্র আন্দোলনের উত্থান ও তার প্রভাব নিয়ে মতবিনিময় করবেন তিনি। ১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা তাঁর।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা জানান, দু’টি অনুষ্ঠানই আগে থেকে পরিকল্পিত ছিল। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনায় বিশ্ব জুড়ে ছাত্র আন্দোলনের উত্থান, গণতন্ত্রের উপর তার প্রভাব এবং পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে কথা হবে। শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি ও পরিবেশ সংক্রান্ত বিষয়ও আলোচনায় থাকবে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রচার করা হবে বলেও জানান পিত্রোদা।

১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপের সঙ্গে আলোচনায় বসবেন রাহুল। আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ-রাজনীতি, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ইরান যুদ্ধের মতো বিষয় সেখানে গুরুত্ব পেতে পারে।

বিদেশ সফরে ভারতের অভ্যন্তরীণ বিষয় তোলার জন্য রাহুলকে বিজেপির সমালোচনার প্রসঙ্গে পিত্রোদা বলেন, সেই সমালোচনা ভিত্তিহীন। তাঁর বক্তব্য, বর্তমান বিশ্বে কোনও বিষয়কে শুধু স্থানীয় গণ্ডিতে বেঁধে রাখা যায় না। স্থানীয় ঘটনা যেমন বিশ্বজনীন হয়ে ওঠে, তেমনই আন্তর্জাতিক ঘটনাও স্থানীয় পরিস্থিতিকে প্রভাবিত করে।

বিদেশে কোনও বিষয় নিয়ে আলোচনা করলেই দেশকে অপমান করা হয় না। ভারত ও বিদেশে রাজনৈতিক নেতাদের একই তথ্য ও বক্তব্যের ভিত্তিতে মত প্রকাশ করা উচিত।

১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা ভারত সম্মেলন নিয়েও মন্তব্য করেন পিত্রোদা। তাঁর দাবি, প্রায় ৭০টি দেশের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যেরা ওই সম্মেলনে যোগ দেবেন। নতুন বিশ্বব্যবস্থা, গণতন্ত্র, নির্বাচনী অখণ্ডতা, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে সেখানে আলোচনা হবে।