তামুলপুর, ১৩ নভেম্বর: অসমে উচ্ছেদ অভিযানের নামে সংখ্যালঘু সম্প্রদায়কে বেছে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তুলল অল বোড়োল্যান্ড মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (এবিএমএসইউ)। উচ্ছেদ হওয়া পরিবারগুলির যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়ে সংগঠনের সভাপতি তাইসন হুসেন বলেন, উচ্ছেদ অভিযানে সরকারকে সংবিধান মেনে চলতে হবে।
হুসেনের অভিযোগ, নগাঁও, গোয়ালপাড়া, লখিমপুর-সহ অসমের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করা হচ্ছে। এর জেরে হাজার হাজার মানুষ ঘরহারা ও সর্বস্বান্ত হয়েছেন বলে তাঁর দাবি।
উচ্ছেদ অভিযানের বিরোধিতায় ১৯ নভেম্বর নয়াদিল্লির রাম ময়দানে বড় বিক্ষোভের আয়োজন করা হবে বলেও জানান এবিএমএসইউ সভাপতি।
প্রস্তাবিত এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হুসেন বলেন, অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে প্রায় ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছিলেন। তাঁদের উদ্বেগের সমাধান কী ভাবে হবে, সেই প্রশ্ন তোলেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন কি শুধু অমুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে এবং এই প্রক্রিয়ার সংখ্যালঘু ভোটারদের উপরে কী প্রভাব পড়বে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এনআরসিতে বাংলাদেশি নাগরিকদের নাম ঢুকে পড়েছে বলে কর্তৃপক্ষ দাবি করলে তার প্রমাণ পেশ করার দাবিও জানান হুসেন। তাঁর অভিযোগ, বেআইনি অনুপ্রবেশের বিষয়টি বার বার রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা হয়েছে। সংখ্যালঘুদের বিদেশি তকমা দেওয়া বা তাঁদের প্রতি অন্যায় ও হেনস্থা করা চলবে না বলেও তিনি মন্তব্য করেন।
“এখন ১৯৮৩ সাল নয়, ২০২৬ সাল। বাংলাদেশি চিহ্নিত করার নামে সংখ্যালঘুদের কেন নিশানা করা হচ্ছে?” বলেন হুসেন।
ধুবড়ির সাংসদ রকিবুল হুসেনেরও তীব্র সমালোচনা করেন এবিএমএসইউ সভাপতি। তাঁর অভিযোগ, সংখ্যালঘু পরিবারগুলির উচ্ছেদের বিরুদ্ধে সাংসদ সরব হননি। উচ্ছেদের নামে লক্ষ লক্ষ মানুষ ঘর হারালেও তাঁদের সমস্যার যথাযথ প্রতিনিধিত্ব করেননি রকিবুল, এমনই দাবি তাঁর।
বিজেপি সরকারের আমলে ধুবড়িতে উচ্ছেদের পাশাপাশি গণতান্ত্রিক ও মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হুসেন। রকিবুল হুসেন পারিবারিক স্বার্থকেন্দ্রিক রাজনীতি করছেন এবং সংখ্যালঘুদের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও তাঁর অভিযোগ।