আল আমেরাত, ১২ নভেম্বর: আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬.৫ ওভারে ২ উইকেটে ২৩০ রান করে ভারত।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান তোলে। নোমান সালারজাই এবং শাহ ফৈজল রহিমি ৫১ রান করে করেন। ভারতের ঈশান সুদ ৪৩ রানে ৩ উইকেট নেন। আর্যন ছাওসানি নেন ২ উইকেট।
জবাবে ভারতের অধিনায়ক লক্ষ রাইচন্দানি ৯০ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর সহবাগ ৫৭ বলে ৫১ রান করেন। প্রথম উইকেটে তাঁদের ১১৭ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
আর্যবীর আউট হওয়ার পরে লক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন ভি কে বিনি। তিনি ৬২ বলে অপরাজিত ৫৭ রান করেন। যশবর্ধন চৌহান অপরাজিত ১৬ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারতের জয়ের সময়ে ৭৯ বল বাকি ছিল।
প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল পাকিস্তান। শনিবার খেতাবের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল ভারত। ফাইনালে সেই হারের জবাব দেওয়ার সুযোগ থাকবে ভারতীয় যুব দলের সামনে।