গুয়াহাটি, ১২ নভেম্বর: ফ্যান্সিবাজারে ফুটপাথের এক যুবক ব্যবসায়ীকে দোকানের ভিতরে আটকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠল দিল্লি থেকে আসা এক ব্যবসায়ী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ, ফ্যান্সিবাজারের ‘বম্বে বিউটি বাজার’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ওই স্থানীয় যুবককে জোর করে দোকানের ভিতরে টেনে নিয়ে যান। সেখানে মালিক-সহ পাঁচ জনের একটি দল তাঁকে লাগাতার মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে ফ্যান্সিবাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।