ডিব্রুগড়, ৬ নভেম্বর: তেঙ্গাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে মৃত ছ’জনের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করল সংস্থাটি।
আগে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছিল। সেই অঙ্ক বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে বলে জানিয়েছে অয়েল ইন্ডিয়া।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে এবং তাঁদের পরিবারকে সম্ভাব্য সব রকম সহায়তা দিতে সব রকম চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পরেও ছ’জন আহতের মৃত্যু হয়েছে।
অয়েল ইন্ডিয়া জানিয়েছে, বেঁচে থাকা আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে থাকাই তাদের অগ্রাধিকার। এ দিকে, ঠিকাদার সংস্থাও মৃত প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার ঘোষণা করেছে।