জাগীরোড: একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে জাগীরোডে গণধর্না কর্মসূচি পালন করল তিওয়া জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। সদৌ তিওয়া ছাত্র সংস্থা, সদৌ তিওয়া মহিলা সংস্থা, তিওয়া যুব ছাত্র পরিষদ এবং তিওয়া সাংস্কৃতিক সমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি হয়।

জাগীরোডকে টাউন কমিটিতে উন্নীত করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সেই সঙ্গে জনজাতি বেল্ট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিও তোলা হয়।

পশ্চিম কার্বি আংলঙের থারাখুঞ্জি গ্রামে নির্মীয়মাণ পাম্প স্টোরেজ প্রকল্পের কাজ বন্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনগুলি। কার্বি আংলঙে বসবাসকারী তিওয়াদের নিয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠনের দাবিও তোলা হয়েছে।

তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনী কেন্দ্র পুনর্নির্ধারণ, সঠিক ভোটার তালিকা তৈরি এবং দ্রুত নির্বাচন করানোর দাবিও জানান বিক্ষোভকারীরা।

সংগঠনগুলির হুঁশিয়ারি, দ্রুত তাঁদের দাবি মেটানো না হলে আগামী দিনে আরও তীব্র গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।