নয়াদিল্লি, ১৩ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর ফোনে আড়ি পাতানোর অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে তিনি দাবি করেন, তাঁর সমস্ত অভিযোগের সমর্থনে প্রমাণ ও তথ্য তাঁর ফোনেই রয়েছে।
রাহুলের কথায়, ‘‘আমার সব অভিযোগের প্রমাণ আমার ফোনে রয়েছে। প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতিয়েছেন।’’
প্রধানমন্ত্রী মোদীকে ফের মুখোমুখি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, এমন বিতর্ক হলে কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন এবং কে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট হয়ে যাবে।
রাহুলের অভিযোগ, সংসদে কৃষি আইন, ভোট চুরি, বিশেষ সংশোধন (এসআইআর), চিন এবং জেনারেল এম এম নারাভানের বই-সহ একাধিক বিষয় নিয়ে তাঁকে বলতে দেওয়া হয়নি। দীর্ঘ সংসদীয় ভাষণের বদলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্ক চান বলেও জানান।
বিজেপি নেতারা অবশ্য সংসদকেই বিতর্কের উপযুক্ত মঞ্চ বলে জানিয়ে আসছেন। রাহুলের বিতর্কের চ্যালেঞ্জ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।