চুরাচাঁদপুর, ১২ নভেম্বর: মণিপুরের চুরাচাঁদপুর জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৮০ কেজি ওজনের একটি রকেট, চারটি চিনা নির্মিত মর্টার এবং ছ’টি আইইডি উদ্ধার হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
১১ নভেম্বর কাংভাই মহকুমার পি গেলজাং গ্রামের কাছে জঙ্গল এলাকায় ওই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ ও সেনার যৌথ দলটি তল্লাশি শুরু করে।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৮২ মিলিমিটারের চারটি চিনা নির্মিত মর্টার, প্রায় ১০ ফুট লম্বা ও ৮০ কেজি ওজনের একটি রকেট, ছ’টি আইইডি এবং পাঁচটি চিনা গ্রেনেড।
এ ছাড়া একটি সিএমজি, একটি পিস্তল, দু’টি একনলা বন্দুক, ৮২ মিলিমিটার ও ৫১ মিলিমিটার ক্যালিবারের মোট ৩০টি মর্টার বোমা এবং ৫.৬ মিলিমিটারের পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে উপত্যকার মেইতেই এবং পাহাড়ি কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসা চলছে। ওই সংঘাতে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে, ৪৯ জন নিখোঁজ এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সাম্প্রতিক মাসগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যেও সংঘর্ষের খবর মিলেছে।