ইম্ফল, ১২ নভেম্বর: ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে মণিপুরে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার আওতায় প্রকাশিত তালিকায় রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৯,৯৪,৩৫৭ জন ভোটারের নাম রয়েছে।

তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৯,৬৯,২৯৮ জন, মহিলা ভোটার ১০,২৪,৭৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩২৪ জন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা ৫৫,৪৩৭ জন বেশি। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক লোকেশ্বর ব্রহ্মচারীমায়ুম জানিয়েছেন, রাজ্যের ১৬টি জেলার সব বিধানসভা কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার বেশি।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পরে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় নতুন খসড়া তালিকায় প্রায় ৩৩,৭০০ জন ভোটার বেড়েছে। আগের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ১.৮৯ লক্ষ নাম বাদ দেওয়া হলেও ৫৬,৮৭১ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। সেই প্রক্রিয়ার পরে প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিলেন প্রায় ১৯.৬০ লক্ষ।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তি তারিখ ধরা হয়েছে ১ জানুয়ারি, ২০২৭। ওই তারিখের মধ্যে ১৮ বছর পূর্ণ করা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করা যোগ্য নাগরিকেরা ভোটার হিসেবে নাম নথিভুক্তির আবেদন করতে পারবেন।

খসড়া তালিকা নিয়ে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। ২৮ ডিসেম্বরের মধ্যে সেগুলির নিষ্পত্তির লক্ষ্য নেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি, ২০২৭।

ভোটার নথিভুক্তিতে সহায়তার জন্য রাজ্যের ১৬টি জেলাতেই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। তালিকায় নাম না থাকা যোগ্য ব্যক্তি, প্রথম বার ভোটার হতে চলা তরুণ-তরুণী এবং পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণির মানুষকে সাহায্য করাই এর উদ্দেশ্য। খসড়া তালিকা প্রকাশের দিন স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে সংশোধন প্রক্রিয়ার সময়সূচি ও ব্যবস্থা সম্পর্কে জানানো হয়েছে।

ভোটারদের খসড়া তালিকায় নিজেদের নাম ও ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখে কোনও ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বা আপত্তি জানাতে বলা হয়েছে।