গুয়াহাটি: অসমের তিনটি এলাকায় উচ্ছেদের মুখে পড়া পরিবারগুলির দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এই এলাকাগুলি হল গোয়ালপাড়ার হাসিলা বিল, কামরূপের বঙরা এবং নগাঁওয়ের কচুয়া।
বিচারপতি দেবাশিস বরুয়ার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। এই বিষয়ে অসম সরকারকে আগামী ১৬ ডিসেম্বরের আগে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
গত কয়েক বছরে অসমের বিভিন্ন এলাকায় সরকারি জমি, বনাঞ্চল এবং অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে কথিত দখলদারি সরাতে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযানগুলির ফলে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে বসতবাড়ি এবং জীবিকার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসিলা বিল, বঙরা এবং কচুয়ায় উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি পুনর্বাসন ও ক্ষতিপূরণের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাসস্থান, খাবার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং জীবিকার ব্যবস্থা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।
উচ্ছেদের আইনি বৈধতা এবং উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সরকারের দায়িত্ব দুটি পৃথক বিষয়। সরকারি জমি থেকে দখলদারি সরানোর অধিকার প্রশাসনের থাকলেও আইনি প্রক্রিয়া মেনে চলা এবং বাস্তুচ্যুত পরিবারগুলির মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করাও জরুরি।
হাইকোর্টের এই নির্দেশের পর এখন নজর অসম সরকার কীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তার দিকে।