শিবসাগর, ১২ নভেম্বর: বৈধ ভাবে পাথর সরবরাহের অনুমতি চেয়ে শিবসাগরে বিক্ষোভ দেখালেন বিহুবর ও লক্ষ্মীজানের পাথর ব্যবসায়ী, শ্রমিক এবং গাড়িচালকেরা।

দলমুখ চারিআলিতে শতাধিক মানুষ অবস্থান-বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, পাথরের কোয়্যারি ও ক্রাশার ফের খুলে দিয়ে নিয়ম মেনে পাথর সরবরাহের অনুমতি দিতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ১৯ জুলাইয়ের ভয়াবহ বন্যার পর থেকে চন্টক বিহুবর ও লক্ষ্মীজান বিহুবরের পাথরের কোয়্যারি এবং ক্রাশারগুলি বন্ধ রয়েছে। অসম সরকার এখনও নাগাল্যান্ড থেকে পাথর সরবরাহের পথ-অনুমতি দেয়নি বলেও তাঁদের দাবি।

এর জেরে হাজার হাজার শ্রমিক, গাড়িচালক, মেশিন অপারেটর এবং ক্ষুদ্র ব্যবসায়ীর রোজগার বন্ধ হয়ে গিয়েছে বলে বিক্ষোভকারীরা জানান। কোয়্যারি-ক্রাশারের মালিক ও গাড়ির মালিকেরাও ব্যাঙ্কের ঋণ শোধ এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে সমস্যায় পড়েছেন।

সমস্ত সরকারি নিয়ম মেনে এবং প্রয়োজনীয় অনুমতি নিয়ে বৈধ ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাথর সরবরাহের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা।