ধুবরি, ১২ নভেম্বর: উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা না হলে অসমজুড়ে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল এআইইউডিএফ। ধুবরির আলমগঞ্জে উচ্ছেদ হওয়া পরিবারগুলির সঙ্গে দেখা করে এই হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র রেজাউল করিম সরকার।

উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি। তাঁর বক্তব্য, দাবি না মানলে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।

আমরা উচ্ছেদের বিরোধী নই। সরকার সরকারি জমি থেকে উচ্ছেদ করতেই পারে, কিন্তু উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

রেজাউল করিম সরকারের অভিযোগ, মুসলিম হওয়ার কারণেই উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, এআইইউডিএফ সব সময় ওই পরিবারগুলির পাশে থাকবে। মৌলানা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

তাঁর প্রশ্ন, সংখ্যাগুরু মানুষ পুনর্বাসন পেলে সংখ্যালঘুরা কেন পাবেন না? অসমের বাসিন্দাদের উপর অত্যাচার হলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এআইইউডিএফ নেতা।

উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন এবং রাজ্যজুড়ে উচ্ছেদ বন্ধের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে এআইইউডিএফ।